১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের মৃত্যু
আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি। ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এদিকে, এই বরেণ্য ধর্মীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি আজ ও আগামীকাল—এই দুই দিন সব ধরনের ক্লাস স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এক শোকবার্তায় নাজাফ সেমিনারি জানায়, মহান এই ধর্মীয় ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করে আজ ও আগামীকাল ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদান স্থগিত ঘোষণা করা হলো। বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
প্রয়াত এই ধর্মীয় নেতা ১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। সেখানেই তার প্রাথমিক ধর্মীয় শিক্ষার সূচনা হয়। পরবর্তীতে তিনি ইরাকে পাড়ি জমান এবং নাজাফ সেমিনারিতে উচ্চতর শিক্ষা লাভ করেন। সেখানে তিনি প্রয়াত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন। ‘ইজতিহাদ’ স্তরে পৌঁছানোর পর তিনি মাশহাদে ফিরে আসেন এবং পরবর্তীতে কোম শহরে স্থায়ী হন। জীবনের দীর্ঘ সময় তিনি কোম সেমিনারিতে ইসলামি ফিকাহ (আইনশাস্ত্র) ও উসুলুল ফিকাহ (আইনশাস্ত্রের মূলনীতি) বিষয়ে অধ্যাপনা করেছেন। সূত্র: ইরনা
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পন অনুভূত অস্ট্রেলিয়ায়ও
সঙ্গীত একাডেমি