১৫ মে পর্যন্ত ছুটি বাড়াতে চাচ্ছি : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছুটি ১৫ মে পর্যন্ত বাড়াতে চাচ্ছি। এ বিষয়ে দুই-একদিনের মধ্যে কেবিনেট থেকে জানানো হবে।
আজ সোমবার (৪ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি বলেন, ‘করোনার কারণে ব্যবসা বাণিজ্য থমকে গিয়েছিল। ইতোমধ্যে আমরা ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা দিয়েছিলাম। সেটিকে আমরা ১৫ মে পর্যন্ত চাচ্ছি। এখন যেহেতু রমজান মাস। এ মাসে যাতে কেনা বেচা চলতে পারে সে জন্য কিছু দোকান পাট খোলার নির্দেশ দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, যেহেতু রোজার মাস তাই আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। কিছু কিছু জিনিস আমরা উন্মুক্ত করে দিচ্ছি। কিন্তু সেখানে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যদেরটাও দেখতে হবে।
তিনি বলেন, অর্থনীতির চাকাটা সচল রাখতে ও রোজার কারণে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। সীমিত আকারে সরকারি অফিস আদালতও চলবে। যাতে মানুষের কষ্ট না হয়। আর সামনে ঈদ। ঈদের আগে মানুষ যাতে কেনাকাটা বা যা যা দরকার তা করতে পারে। কিন্তু জনসমাগম করা যাবে না।
প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে এবার একটু ভিন্নভাবে পালন হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই জানেন। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে আপনারা আমার শহীদ বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। এ ছাড়া আমি দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, যে রংপুর বিভাগ একসময় মঙ্গাপীড়িত এলাকা ছিল, সেই রংপুর বিভাগ এখন সবুজে পরিণত হয়েছে। প্রত্যেকটা জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন হচ্ছে। সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।
তিনি বলেন, করোনা চলা অবস্থায় দেশের অর্থনীতির চাকা যেন সুরক্ষিত থাকে মানুষকে একেবারে ঘরে বন্দি না করে সীমিত অবস্থায় জরুরি কিছু কিছু কাজ চলতে হবে। যাতে মানুষের কষ্ট না হয়। ঈদের আগে যদিও আমরা বড় জমায়েত করি এ জমায়েত করা যাবে না। সবাই যার যার মতো দূরত্ব বজায় রেখে চলতে হবে। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি