২০ নভেম্বর ২০২৬

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ এএম
১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে আমরা জোরালোভাবে আলোচনা চালিয়ে যাব।


হুমায়ুন কবির বলেন, এই ঐতিহাসিক রায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করেছে।


তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরা নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর, যাতে তারা নিরাপদে বাড়ি ফিরে নতুন করে জীবন গড়তে পারে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে।


লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে।


ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় যাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কখনো পূরণ করা যায় না।


তবে বাংলাদেশ মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং এমন অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে, যা বেঁচে থাকা পরিবারগুলোকে ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে সহায়তা করবে বলেও জানান তিনি।


হুমায়ুন কবির বলেন, যদি এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর ভেতরে থেকেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।


রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে আসে, তবে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে। এক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কোনো প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি তিনি দেননি।


তিনি বলেন, আইসিজে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। একইসঙ্গে আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। আদালত আরও বলেছে, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, নানা বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ক্রমান্বয়ে সংকুচিত করা হয়েছে।


হুমায়ুন কবির বলেন, আদালত পর্যবেক্ষণ করেছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। এছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে।


তিনি আরও বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও রয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনত বাধ্যতামূলক। প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।


এদিকে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে তিনি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং যে ১১টি দেশ আদালতে লিখিত বিবৃতি জমা দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানান।


এ সময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টার কথা স্বীকার করেন এবং কক্সবাজারে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনের কথাও উল্লেখ করেন।


হুমায়ুন কবির এই রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতিও আহ্বান জানান তিনি।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি