২৫ অক্টোবর ২০২৬

আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতায় নতুন রূপ দিতে এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ (রোববার) ঢাকা পৌঁছাবেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জার্মান দূতাবাস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি এই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার যৌথ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে চায়।

এতে বলা হয়, বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসার পাশাপাশি দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার মুখোমুখি হচ্ছে, ফলে এই আলোচনা প্রথাগত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে নতুন ক্ষেত্রগুলোতে আলোকপাত করবে।

সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর উৎসবে যোগ দেবেন।

বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক ‘জার্মান রিইউনিফিকেশন ডে’কে স্মরণ করে এই দিবসটি উদযাপন করা হয়।

এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারকে তুলে ধরা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র : বাসস
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি