৩ এপ্রিল ২০২৬

আজ স্বাধীন দেশে গণতন্ত্র নেই : নজরুল ইসলাম খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ স্বাধীন দেশে গণতন্ত্র নেই : নজরুল ইসলাম খান

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই দেশের জনগণ গণতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, কিন্তু আজ স্বাধীন দেশে গণতন্ত্র নেই। আজ গণতন্ত্রকে মুক্ত করতে হলে গণতান্ত্রিক আন্দোলনে বারবার নেতৃত্ব দিয়ে বিজয়ী হওয়া সেনাপতি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিনা রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

নজরুল ইসলাম খান বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন বলে গলা ফাটাচ্ছে। দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু তা অসম উন্নয়ন। যারা ধনী তারা আরো ধনী হচ্ছে। এ দেশে বর্তমানে ধনীরা যে হারে আরো ধনী হচ্ছে সে হারে চীন ও আমেরিকার ধনীরাও ধনী হচ্ছে না। এ রকম অসম উন্নয়ন অব্যাহত থাকলে একসময় দেশে বিলাসবহুল পণ্যের ছড়াছড়ির সঙ্গে গরিবের লাশের ছড়াছড়ি দেখা যাবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, খুবই অন্যায়ভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে সরকার খালেদা জিয়াকে আটকে রেখেছে। বেগম জিয়ার মামলার শুনানির সময় আমরা সারা দিন আদালতে গিয়ে বসে থাকতাম। সেখানে সরকারদলীয় কোনো আইনজীবী খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেননি। তারা ধারণা করছেন, বেগম জিয়া এসব অভিযোগের সঙ্গে জড়িত। আদালত কি ধারণা দিয়ে পরিচালনা হয়? আদালত প্রমাণ চায়।

নজরুল ইসলাম খান বলেন, দরকারি কাজের কথা ও প্রয়োজনীয় কথা অনেকেই বলেন, কিন্তু সেই প্রয়োজনীয় কাজ সবাই করেন না। মওলানা ভাসানী প্রয়োজনীয় কথা বলতেন এবং সেই প্রয়োজনীয় কাজটি করতেন। এই দেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মওলানা ভাসানী সেসব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন।

সাবেক এ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভারতের বন্ধুপ্রতীম দেশ। কিন্তু আমাদের সাথে তাদের যেসব চুক্তি হয়েছে আমরা সেই চুক্তি অনুযায়ী ন্যায্য অধিকার পাচ্ছি না। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে এত যুদ্ধ এত বৈরিতা কিন্তু তাদের মধ্যেও তো পানি চুক্তি আছে এবং তা সঠিকভাবে মানা হচ্ছে। কিন্তু আমাদের ফারাক্কা চুক্তির কেন বাস্তবায়ন হচ্ছে না?

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি