বিএনপি বটগাছের মতো, দুই একটি পাতা ঝরলে ক্ষতি নেই : মোশাররফ
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপি একটি বটগাছের মতো। গাছ থেকে দুই-একটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এক সংসদ সদস্যের শপথ নেয়াকে ইঙ্গিত করে এমন মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে তাঁতী দলের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
দলীয় আনুগত্যের বাইরে গিয়ে বিএনপির এমপিরা কেন শপথ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমাদের অতীত ইতিহাসে এ রকম উদাহরণ আছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর হুদা আর মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটের মন্ত্রীরা বিএনপি ভাঙার চেষ্টা করেছিলেন।
তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় চেষ্টা করেছিলেন, পারেন নাই। আমরা মনে করি, আমাদের সিদ্ধান্তের বাইরে কেউ কোনও পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে দল। তাতে দলের কোনও ক্ষতি হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হচ্ছে না। অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, জনগণের চোখের সামনে পরিষ্কার, এই সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের চাপ দিয়ে যাচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি