বিএনপি চামড়া কিনে ফেলে দিয়েছে: শিল্পমন্ত্রী
রাজনীতি ডেস্ক: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি চামড়া কিনে ফেলে দিয়েছে। চট্টগ্রামে ৩০ ট্রাক চামড়া বিএনপি কিনে ফেলে দিয়েছে। এ খাতে ভবিষ্যতে যাতে এ ধরনের বিশৃঙ্খলার সুযোগ কেউ না নিতে পারে সেজন্য টেকসই পদক্ষেপ নিতে হবে।
রবিবার (১৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকার, ট্যানারি মালিক, আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পের সঙ্কট সমাধানে শিগগিরই চামড়া নীতিমালা করা হবে। চামড়া নিয়ে যে পরিস্থিতি গণমাধ্যমে দেখেছি, আমরা দায়দায়িত্ব এড়াতে পারি না। এখানে সবার স্বার্থ রক্ষা করতে হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, চামড়া শিল্পনীতি হচ্ছে। এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসেছি। আমরা একটি স্থায়ী সমাধানে আসতে চাই।
জানা গেছে, সরকারের মধ্যস্ততায় ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করতে সম্মত হয়েছেন আড়ৎদাররা। তবে ট্যানারি মালিকদের কাছে যে বকেয়া পাওনা রয়েছে, তা আদায়ে ২২ আগস্ট এফবিসিসিআইয়ের মধ্যস্ততায় সমাধান হবে বলে ত্রিপক্ষীয় বৈঠক থেকে জানা গেছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সবার সঙ্গে খোলামেলা আলাপের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করি। চামড়া শিল্প গার্মেন্টসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। সেজন্য আমরা এই শিল্প নিয়ে অনেক কাজ করছি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি