বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলায়: কাদের
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলায় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নালিশ করাই বিএনপির রাজনীতি। তারা (বিএনপি) শুধু নালিশই করতে পারে আর সব বিষয়ে নাক গলায়।আজ সোমবার বিকেল পৌনে ৪টায় রাজধানীর ফার্মগেটে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি) লেন-৬ এর স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, পিলখানা বড় মামলা। এতো আসামি ও সাক্ষী, তারপরেও বিচারকাজ সম্পন্ন হয়েছে। এটা নিয়ে দেশ-বিদেশে কোথাও সমালোচনা নেই। কিন্তু বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলায়। বিএনপির উচিত, এতো স্বচ্ছভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারকে ধন্যবাদ দেয়া। তারা শুধু নালিশই করতে জানে।
চকবাজারের আগুনের ঘটনা নিয়ে শিল্পমন্ত্রীসহ আওয়ামী লীগের কয়েক নেতার মন্তব্যর বিষয়ে তিনি বলেন, এটা তাদের ব্যক্তিগত মন্তব্য। সরকার তার কাজ করে যাচ্ছে। সরকার দায় এড়াতে পারে না বলেই প্রধানমন্ত্রীর নির্দেশে গোডাউন সরানোর কাজ শুরু হয়েছে।মেট্রোরেল নির্মাণ প্রকল্পে অগ্রগতি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ শেষ হবে। মেট্রোরেলের ২৫০০ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩.১৯৫ কিমি ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণের নিমিত্তে পরিসেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে। ১৯৭টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছ।আগামী এপ্রিল মাসে মেট্রো ট্রেনের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়ে কাদের বলেন, প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১.৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ।এসময় উপস্থিত ছিলেন মেট্রোরেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফাইজসহ অন্য কর্মকর্তারা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি