বিএনপির সাংসদ জাহিদুর দল থেকে বহিস্কার

বাংলাপ্রেস ঢাকা : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই কথা জানান। দল থেকে নির্বাচিতদের শপথ নেওয়ার বিষয়সহ রাজনীতির সার্বিক পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে স্থায়ী কমিটি। রাত সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, বৈঠকের সিদ্ধান্তের কথা।
মির্জা ফখরুল বলেন, আমাদের দলের আগেই সিদ্ধান্ত ছিল যারা ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়েছেন তাঁরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও-৩ আসনের সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। এ জন্য তাঁকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের দলের আজকের স্থায়ী কমিটির বৈঠকে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল-পীরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জাহিদুর ১৯৯১ সাল থেকে নির্বাচন করছেন। কিন্তু কোনোবারই তিনি পাস করতে পারেননি। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদুর রহমান ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। রংপুর বিভাগে তিনিই বিএনপির একমাত্র নির্বাচিত প্রতিনিধি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী মো. ইয়াসিন আলী নৌকা মার্কায় ৩৮ হাজার ৬৩ ভোট পেয়ে তৃতীয় হন। আর জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতীকে পান ২৭ হাজার ১৮২ ভোট।
শপথ নেওয়ার পর জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, ‘বহিষ্কার করা হতে পারে এটা জেনেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি শপথ নিয়েছি। বহিষ্কার করলেও আমি দলের সাথেই থাকব।’ জানান, তিনি সংসদে গিয়ে খালেদা জিয়ার কারামুক্তির দাবি উত্থাপন করবেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি