ডাকসুতে ছাত্রলীগের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি: তথ্যমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ডাকসু নির্বাচনে সমস্ত ডান, বাম মিলেও ছাত্রলীগের বিজয় ঠেকাতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বিজয়ী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু অনিয়মের কথা বললেও সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২৮ বছর পর ডাকসুর এই শান্তিপূর্ণ নির্বাচনকে আনন্দের বিষয় বলে উল্লেখ করে অতীতের নির্বাচনী সহিংসতা স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সমস্ত ডান-বাম, অতি বাম, অতি ডান সবাই একত্রিত হয়েও ছাত্রলীগের বিজয়কে রোধ করতে পারেনি। যদি বা সেখানে কিছু ত্রুটি-বিচ্যুতির কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে এবং সেগুলো নিয়ে তারা তদন্ত করছে এবং নির্বাচনচলাকালীন নানা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। সার্বিকভাবে একটি ভালো নির্বাচন হয়েছে। এবং স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘অন্য কোনো প্যানেল বা স্বতন্ত্র কোনো প্রার্থীরা বিজয়ী হলেও তারা নির্বাচন বয়কট করায় প্রকৃতপক্ষে তাদের পরাজয় হয়েছে। ছাত্রলীগই বিজয় অর্জন করেছে।’
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। অতীতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নির্বাচনে ছাত্রীরা হামলার শিকার হয়েছে, তা সকলেই জানে। কিন্তু, এ নির্বাচনে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
ড. হাছান বলেন, ‘ভিপি প্রার্থীসহ যে কয়জন প্রার্থী নির্বাচন বর্জন করেছিলেন, তাদের মধ্য থেকেও নির্বাচিত হয়েছে। সর্বোপরি ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমি নির্বাচিত সকল প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছি।’তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের অস্তিত্ব কারো চোখে পড়েনি। তারা এ নির্বাচনে নিখোঁজ ছিল।
তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবস উপলক্ষে আগামী বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে প্রচার ও প্রকাশনা উপকমিটি।
এ উপলক্ষে দলের পক্ষ থেকে প্রকাশনাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জাতির পিতার ৯৯তম জন্মদিন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১০ বছরে সরকারের নানা উন্নয়ন নিয়ে উপকমিটি একটি বিশেষ প্রকাশনা বের করবে।
আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীনের পরিচালনায় উপকমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সোমবার ডাকসু নির্বাচনে ভিপি পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।
নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া এজিএস নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। ডাকসু নির্বাচনে ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া বাকি ২৩টি পদেই জয়ী হন ছাত্রলীগ প্যানেলের নেতারা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি