ডেমোক্র্যাটরা জিতলেও ক্ষমতা আমার হাতেই থাকবে: ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য পরিস্থিতি কঠিন হতে পারে বলে ধারণা করা হলেও নিজের সিদ্ধান্তে অটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিলে নিজ ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ডেমোক্র্যাটদের আনা যেকোনো বিল আটকে দিতে তিনি তার ‘ভেটো’ ক্ষমতা ব্যবহার করবেন এবং এর জন্য ‘মিস্টার ভেটো’ উপাধি পেতেও তার কোনো আপত্তি নেই।
রাজনৈতিক বিশ্লেষক ও জরিপকারীরা ডেমোক্র্যাটদের নিম্নকক্ষ হাউসের নিয়ন্ত্রণ পাওয়ার ইঙ্গিত দিয়ে থাকলেও ট্রাম্প নিজের কর্মসূচি বাস্তবায়নে পুরোপুরি আত্মবিশ্বাসী। তিনি জানান, ফেডারেল সরকারের ভেতরে তাকে অভূতপূর্ব নির্বাহী ক্ষমতা দিয়েছেন সুপ্রিম কোর্ট। চলতি বছরের ‘ট্রাম্প বনাম স্লটার’ মামলার ঐতিহাসিক ৬-৩ ব্যবধানের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা যার হাতেই থাকুক না কেন, এই রায় তাকে বিভিন্ন ফেডারেল সংস্থা, বোর্ড ও কমিশনের ওপর একক নিয়ন্ত্রণ খাটানোর ক্ষমতা দিয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলেও স্টিফেন মিলার এবং রাসেল ভাউটের মতো শীর্ষ উপদেষ্টাদের সহায়তায় অভিবাসন, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার মতো নীতিগুলোতে নির্বাহী আদেশ প্রয়োগের মাধ্যমে নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাবেন তিনি।
রাজনীতির বাইরে সাক্ষাৎকারে নিজের তৈরি বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন আবাসন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ভেঙে যাওয়া জানালা ও দেয়াল মেরামতের কথা উল্লেখ করে বারাক ওবামার শাসনের সমালোচনা করেন তিনি।
চলতি মেয়াদের পর আগামী ২০২৭ সালের লক্ষ্য সম্পর্কে তিনি জানান, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সামরিক কমপ্লেক্সের কাজ শেষ করা এবং তার প্রস্তাবিত ২৫০ ফুট দীর্ঘ তোরণ নির্মাণকাজ শুরু করাই তার প্রধান উদ্দেশ্য।
এ ছাড়া ওয়াশিংটন ডিসির প্রায় ৯৭টি স্থান থেকে ক্ষতিকর গ্রাফিতি পরিষ্কারের মাধ্যমে শহরকে সাজিয়ে তোলার উদ্যোগকেও নিজের অর্জনের তালিকায় তুলে ধরেন তিনি।
তবে পরবর্তী সময়ে ২০২৮ সালের মার্কিন নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে কোনো আলোচনা করছেন না জানিয়ে ট্রাম্প বলেন, এ বিষয়ে আইনি ও সাংবিধানিক জটিলতা রয়েছে এবং বর্তমানে রিপাবলিকান পার্টিতে বেশ কিছু যোগ্য তরুণ প্রার্থী রয়েছেন।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান: ৪৫ বাংলাদেশিসহ বহিষ্কৃত ১৮২ জন
সঙ্গীত একাডেমি