ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হাসপাতালের জরুরি বিভাগের পাশে আনাস হোটেলের বিপরীত দিকের রাস্তার ওপর ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং হাসপাতালসংলগ্ন এলাকাতেই থাকতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক বলেন, স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পেরেছেন, ওই নারী ওই এলাকায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি