দিনাজপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের মনোনয়ন বহাল
বাংলাপ্রেস ডেস্ক:দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করে বহাল রেখেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।
রোববার বিকেলে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
এর আগে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা এজেডএম রেজওয়ানুল হক। তিনি নির্বাচন কমিশনের আপিল বিভাগে এ আবেদন দায়ের করেন।
আপিল বিভাগ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও শুনানি শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় বিএনপির প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের মনোনয়নপত্র বহাল রাখার ঘোষণা দেয়।
এদিকে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানের মনোনয়ন বহাল থাকায় এলাকায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।.
ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল বাশার বলেন, “মনোনয়ন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল, তা এখন কেটে গেছে।”
একই কথা জানান উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লাসহ একাধীক নেতা-কর্মিরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু