দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষনা প্রধানমন্ত্রীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রশাসনে দুর্নীতি হলেই সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও আমাদের ‘জিরো টলারেন্স’ অবস্থান। বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। বিগত সরকারের মতো মন্ত্রণালয়ের কাজে গতি বাড়াতে এবারও পর্যায়ক্রমে সব মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হলো আজ।
প্রধানমন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট একটা নির্দেশনা দিতে হবে, একেবারে তৃণমূল পর্যন্ত কেউ দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যে লক্ষ্য আমরা নিয়েছি তা পূরণ করতে পারবো, এর জন্য সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা দরকার। আমরা বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেক্ষেত্রে আমি তো মনে করি আমাদের দুর্নীতির কোনও প্রয়োজনই নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যা প্রয়োজন তার সব তো আমরা মেটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কাজেই এখানে মানুষের মনমানসিকতা পরিবর্তন করতে হবে।’
জনপ্রশাসন কর্মকর্তাদের সততা ও আন্তরিকতা নিয়ে জনসেবা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপরিচালনার হার্ট (প্রাণ) জনপ্রশাসন। আপনাদের সেভাবে কাজ করতে হবে, আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
জনপ্রশাসনে পদোন্নতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, প্রশাসনসহ সবক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, এখানে দক্ষতাটাকে প্রাধান্য দিতে হবে। কে কত বেশি কাজ করতে পারে, কতটা সততার সঙ্গে কাজ করতে পারে এবং নিয়মশৃঙ্খলা মেনে চলে, এসব বিবেচনা করে পদোন্নতি হওয়া উচিত।’
এ সময় বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফয়েজ আহম্মদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
<বিপি>সিএস>জানু১৭/১৯
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি