হুমায়ূন আহমেদের ‘দখিন হাওয়া’য় আগুন

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দখিন হাওয়া’ নামে বাসভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটির বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
আজ রোববার সকালে ধানমন্ডি ৩/এ-এর ৪৮ নম্বর ৬তলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
মাহফুজ রিবেন বলেন, ‘আজ রোববার সকাল ৮টা ৩৩ মিনিটে ফোনে আগুন লাগার সংবাদ পাই। তখনই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে বাড়ির লোকজন মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আমরা গিয়ে কোনো আগুন দেখতে পাইনি।’ আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আমরা নিচে নামতে পারছিলাম না। ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস আসে। আমরা এখন নিরাপদ আছি।’
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ‘আজ রোববার সকালে ‘‘দখিন হাওয়া’’ ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল এবং দ্রুতই তা নিভে গেছে। ওই ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন।’
ধানমন্ডির এই বাড়িতেই শেষ জীবন কাটিয়েছেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে এই বাড়ির ষষ্ঠ তলার বসবাস করছেন মেহের আফরোজ শাওন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি