ইসি গঠনে ৩২২ জনের নামের খসড়া তালিকা প্রকাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশন গঠনে ৩২২ জনের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এদিকে ৮ জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকে কাল বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি।কমিটির সদস্যদের আবার বৈঠকে বসার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তিন ধাপের বৈঠকের শেষ দিন ছিল রোববার। এদিন সুপ্রিম কোট জাজেস লাউঞ্জে আমন্ত্রিত ২৩ নাগরিকের মধ্যে আসা ১৮ জনের সঙ্গে হয় আলোচনা। শুরুতেই বিএনপিসহ কয়েকটি দলের নাম না দেয়ার বিষয়টি উঠলে, সোমবার বিকেল পর্যন্ত নাম প্রস্তাবের সময় বাড়ায় সার্চ কমিটি।
বৈঠকে আসা বিশিষ্টজনদের বেশির ভাগই ইসি গঠনে সৎ, সাহসী ও দক্ষ ব্যক্তিদের নিয়োগে জোর দেন। বলেন, তাদের হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসি গঠনে রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ই–মেইলে এসেছে ৯৯ জনের নাম আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে।
প্রস্তাবিত নাম প্রকাশের তাগিদ দিলেও, প্রস্তাবকারীর নাম প্রকাশের বিরোধিতা করেন বিশিষ্টজনরা। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে নাম বাছাইয়ে সার্চ কমিটিকে সাহসী ভূমিকা রাখার তাগিদও দেন অনেকে।
বর্তমান ইসির মেয়াদ আজ শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
অনুসন্ধান কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস। সেই হিসেবে তাদের হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা প্রস্তাবের বাইরে নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি নিজেরাও যোগ্য ব্যক্তি বাছাই করতে পারবে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে অনুসন্ধান কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি