কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষুব্ধদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

বাংলাপ্রেস অনলাইন : সদ্য বিলুপ্ত কমিটির বেশ কয়েকজন নেতাকে বিএনপির পক্ষ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পরও জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধরা গত কয়েক দিনের ধারাবাহিকতায় নয়াপল্টনে আজও বিক্ষোভ দেখিয়েছেন, মিছিল করেছেন।
সোমবার সকালের পর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় ছোট ছোট মিছিল নিয়েও নেতাকর্মীদের আসতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন। এর পরপরই গোল্ডেন প্লেট রেস্টুরেন্টের গলি ও মূল রাস্তায় পর পর দুটো ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর আরো চারটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। তবে একটি বিস্ফোরিত হয়নি। এ সময় আশপাশের লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তবে কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সেটি জানা যায়নি।
এদিকে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা গত কয়েক দিনের ধারাবাহিকতায় ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার দাবি জানান। এ সময় তাঁরা বহিষ্কারাদেশ বাতিলের পাশাপাশি নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল অধিবেশনের তফসিল বাতিলের দাবিও জানান। ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি