খালেদা জিয়ার রিট যাচ্ছে নিয়মিত বেঞ্চে
রাজনীতি ডেস্ক : নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার করা রিটের শুনানি হবে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে।
খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রিটটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটের ফাইলটি প্রেরণের আদেশ দেন।
গত ২৬ মে থেকে হাইকোর্টের কয়েকটি অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম চলছে। আগামী ১৬ জুন থেকে হাইকোর্টের নিয়মিত বেঞ্চের বিচারিক কার্যক্রম শুরু হবে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মওদুদ আহামদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
মঙ্গলবার এ রিটের বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত খালেদার আইনজীবীর উদ্দেশে বলেন- আপনারা জানেন আমাদের এটা অবকাশকালীন বেঞ্চ। এই অবকাশকালীন বেঞ্চে সময়ের সীমাবদ্ধতা রয়েছে। অনেক কিছু বিস্তারিত শুনানি করা সম্ভব হয় না। তখন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী সকল তথ্য উপাত্ত নিয়ে রিটটি বিস্তারিত ভাবে হাইকোর্টের কোন নিয়মিত বেঞ্চে শুনানির আবেদন করেন। এরপর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রিটটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানির বিষয়ে আদেশ দেন।
এ আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন- ‘খালেদা জিয়ার এ রিটের বর্তমান যে প্রেক্ষাপট, তাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত আদালতে নাইকো দুর্নীতি মামলার বিচার হতে আমি কোন বাধা দেখছি না’।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি