লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, মাদরাসাছাত্র নিহত
বাংলাপ্রেস ডেস্ক: লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
আহত ব্যক্তিরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা লালমনিরহাট সদরের দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে বুড়িমারীর দিকে যাওয়া একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শার নাভারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন
সঙ্গীত একাডেমি