
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগঞ্জে বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বখাটেরা। এ সময় বাধা দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজাহান নামের এক নৈশ প্রহরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় আজাদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মে) রাত ৮টার দিকে রামগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অন্য অভিযুক্তদের খুঁজছে পুলিশ।
নিহত শাহজাহান মিয়া উপজেলার কাজিরখীল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার শিকার ভিকটিম তরুণী চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত জননী নামের একটি বাসে উঠে পড়ে। পরে বাসটি রামগঞ্জ বাসস্ট্যান্ডে ওই তরুণীকে নামিয়ে দেয়। এ সময় ঘটনাটি ওই বাস চালক ও হেলপারকে জানালে তারা তরুণীকে চট্টগ্রামগামী নীলাচল নামের বাসে বসতে বলেন। পরে জননী বাসের হেলপার আজাদ স্থানীয় বখাটে যুবক এমরান হোসেনসহ ৩ জন সংঘবদ্ধ হয়ে বাসে অপেক্ষমাণ যুবতীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। যুবতীর চিৎকারে বাস স্ট্যান্ডের নৈশ প্রহরী শাহজাহান এগিয়ে আসে। পরে তাদের বাধা দিতে গিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় স্থানীয়রা ভিকটিম তরুণীকে উদ্ধার করে আর আজাদকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে নৈশপ্রহরীর মরদেহ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবতী নিজে বাদী হয়ে থানায় ৩ বখাটের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেফতার করেছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]