
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরে লক্ষ্মীপুরে ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছেন আরও ৩৫০ গৃহহীন ও ভূমিহীন পরিবার।
মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের এসব ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৪টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ৩য় পর্যায়ে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ২৬টি স্থানে ১৪৪২টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে এদিন ৩৫০টি গৃহ ও ভূমিহীন পরিবার এ বাড়ি পাবেন।
জেলা প্রশাসক আরও বলেন, লক্ষ্মীপুর জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ১৭৮৬টি পরিবারকে ঘর দেওয়া হয়। আর ৩য় পর্যায়ে ৩৫০টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি গৃহগুলো আগামী ১ মাসের মধ্যে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। এছাড়া গৃহ নির্মাণের জন্য ৭৩.৮৬ একর খাস জমি উদ্ধার করা হয়েছে বলে জানান ডিসি।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]