
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে যাত্রী সেজে মো. মোহন ওরফে সুজন (১৬) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের একটি খালপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। পুলিশ বলছে এটি হত্যাকান্ড। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ওসি।
নিহত কিশোর পার্শ্ববর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের আলাউদ্দিনের পুত্র।
স্থানীয় এলাকাবাসী, নিহতের স্বজনও পুলিশ জানায়, সকালে খাল পাড়ে লোকজন সুজনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশী শামছুলের অটোরিক্সা ভাড়ায় চালাতো সুজন। ধারনা করা হচ্ছে অটোরিক্সা ছিনিয়ে নিতেই অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]