২ অক্টোবর ২০২৬

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বাংলাপ্রেস ডেস্ক: মাদকদ্রব্যসহ (গাঁজা) আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী রিয়াজুস ছলেহীন, এসএম তৌফিক আলম ও মো. মুশফিক উল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রমের সময় ৪ নম্বর একাডেমিক ভবন থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করেন ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, নিয়মিত টহলের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি