মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
বাংলাপ্রেস ডেস্ক: দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন এবং মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দফতর ও সংস্থাগুলোর ভিশন-মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন, মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত বদলির সুপারিশ করা হয়। মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সুপারিশ করা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।
এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
‘ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের কোনো সুযোগ দেখছেন না ডেপুটি স্পিকার
সঙ্গীত একাডেমি