ওবায়দুল কাদের ফিরছেন বুধবার
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: দুই মাসের টানা চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আগামী ১৫ মে (বুধবার) সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওইদিন বিকাল পৌনে চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
শনিবার (১১ মে) ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের পাশে অবস্থান করছেন। এ ছাড়া সিঙ্গাপুরে থাকা আরও একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নিজাম হাজারী বলেন, ‘ওবায়দুল কাদের স্যার বর্তমানে সুস্থ। চিকিৎসকের পরামর্শেই তিনি দেশে ফিরবেন।’
জানা গেছে, অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ওবায়দুল কাদের অনেকটাই সেরে উঠেছেন। তিনি এখন স্বাভাবিক হাঁটাচলা করছেন। ১৫ মে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, আমরা আশা করছি আগামী ২৫ মে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের থাকবেন।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কাছেই একটি ভাড়া বাসায় থাকছেন ওবায়দুল কাদের। সঙ্গে রয়েছেন- তার সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের, এপিএস মহিদুল হক, সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফাইয়াজ, ব্যক্তিগত কর্মকর্তা সুখেন চাকমা, ব্যক্তিগত ফটোগ্রাফার মনসুরুল আলমসহ ঘনিষ্ঠ কয়েকজন।
মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে নিয়মিত তার চিকিৎসক ডা. ফিলিপ কোহের চেম্বারে চেকআপের জন্য যাতায়াত করছেন।
গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।
সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।
এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি