৮ নভেম্বর ২০২৬

পার্কিং ও কুকুর নিয়ে বিরোধ, ভারতে প্রযুক্তি কর্মকর্তাকে গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
পার্কিং ও কুকুর নিয়ে বিরোধ, ভারতে প্রযুক্তি কর্মকর্তাকে গুলি করে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের হরিয়ানার ফরিদাবাদে গাড়ি পার্কিং ও পোষা কুকুর নিয়ে বিরোধের জেরে এক প্রযুক্তি কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছেন তার প্রতিবেশী। শুক্রবার রাতে বহুতল ভবনের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীর ছোড়া ১৫টি গুলির মধ্যে ৯টি লাগে ভুক্তভোগীর শরীরে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তির নাম পরমজিৎ ধনখড়। তিনি ভারতের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রার এশিয়া অঞ্চলের কার্যক্রমের দায়িত্বে ছিলেন। বর্তমানে অন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। কাজের সুবাদে সিঙ্গাপুরে বসবাস করতেন তিনি। ভাতিজার বিয়েতে যোগ দিতে দুই দিন আগে দেশে ফিরেছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জিম থেকে বাসায় ফেরেন পরমজিৎ। ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকার ৬৪১ নম্বর ভবনের প্রথম তলায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। একই ভবনের তৃতীয় তলায় থাকতেন অভিযুক্ত মোহন ওরফে মনু শর্মা।

জিম থেকে ফিরে নিজের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গায় মনুর গাড়ি দেখতে পান পরমজিৎ। গাড়িটি সরিয়ে নিতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে লাইসেন্স করা পিস্তল নিয়ে পার্কিং এলাকায় এসে পরমজিৎকে লক্ষ্য করে গুলি চালান মনু।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত প্রায় ১৫টি গুলি ছোড়েন। এর মধ্যে ৯টি গুলি পরমজিতের শরীরে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে গাড়ি পার্কিং নিয়ে বিরোধই ছিল না দুই পরিবারের দ্বন্দ্বের একমাত্র কারণ। পোষা কুকুর নিয়েও বেশ কয়েক দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

তদন্তকারীরা জানান, মনুর ছেলে নিয়মিত তাদের পোষা কুকুরটিকে ভবনের পার্কিং এলাকায় মলত্যাগ করাতে নিয়ে যেতেন। এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন পরমজিতের ছেলে সূর্য। বিষয়টি নিয়ে হত্যাকাণ্ডের চার-পাঁচ দিন আগেও দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়। কয়েকবার বিরোধ মিটে গেলেও মনু পরমজিতের ছেলেকে গালিগালাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেশী নরেন্দ্র জানান, গুলির শব্দ শুনে প্রথমে তারা বিষয়টি বুঝতে পারেননি। দীপাবলির সময় হওয়ায় শব্দটিকে আতশবাজির আওয়াজ ভেবেছিলেন। পরে আবার শব্দ শুনে বাইরে এসে জানতে পারেন, একজনকে গুলি করা হয়েছে। তবে ততক্ষণে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অপরাধ তদন্ত শাখা ও ফরেনসিক বিভাগের সদস্যরা। সেখান থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফরিদাবাদের সুরজকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ কুমার জানান, ঘটনার পর অভিযুক্ত মনু শর্মাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত শাখার সেক্টর-৩০ দল। দুই পরিবারের আগের বিরোধ এবং গুলি চালানোর ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি
বিপি > এসপি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি