প্যারোলে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার খবর ভিত্তিহীন: ফখরুল
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।’
মির্জা ফখরুল বলেন, ‘কয়েকদিন ধরে এ বিষয়টা পত্রিকায় আলোচনা হচ্ছে, আজকে একটি ইংরেজি পত্রিকা দিন তারিখসহ দিয়ে দিয়েছে। আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি এটা বেজলেস।’এ সময় তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম।
সাংবাদিক নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন- শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, এম আব্দুল্লাহ, আব্দুল আজীজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, মুন্সী আব্দুল মান্নান, শহীদুল ইসলাম প্রমুখ।
ফখরুল অভিযোগ করে বলেন, গণমাধ্যম সুপরিকল্পিতভাবে একটা শ্রেণি নিয়ন্ত্রণ করে যাচ্ছে যারা শাসকগোষ্ঠীর ইচ্ছেমতো সমাজ নির্মাণে সহায়তা করছে।
তিনি বলেন, ‘এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে করে অনেক জনপ্রিয় লোকেরা টকশোতে আসছেন না। সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ যারা গণমাধ্যমে কাজ করেন নির্বাচনের পর তাদের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সাংবাদিকদের একটি শ্রেণি ভালো আছে, বেশিরভাগ সাংবাদিকদের চাকরি নেই।’
সাম্প্রতিক সময়ে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘দেশে অরাজকতা চলছে কোন জবাবদিহিতা নেই।’
নুসরাত হত্যাকাণ্ড ও সুবর্ণচরে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, ‘রাজনৈতিক কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
ভুল রাজনীতির কারণে উদার রাজনীতির দর্শন পরাজিত হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘সেখানে ফ্যাঁসিবাদ জায়গা দখল করছে। রাজনীতি এমন কলুষিত হয়েছে যেখানে ভালো মানুষ রাজনীতিতে টিকতে পারছে না।’
তিনি বলেন, ‘এটা একক লড়াই নয়, হাজার ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়ে ছিলাম তেমনি এখন স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভূ-রাজনীতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন সামনে রেখেই এগোতে হবে।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি