রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি
বাংলাপ্রেস ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি।
রোববার (৪ অক্টোবর) দেওয়া চিঠিতে দোকান মালিক সমিতি বলেছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করে আসছেন ব্যবসায়ীরা। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য মন্দা যাচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে সংকটে পড়েছেন।
চিঠিতে বলা হয়, ঈদ ও পূজার মতো উৎসবের সময় সাধারণত কেনাকাটা কিছুটা বাড়ে।
এ কারণে উৎসবের আগে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলেন। ইতোমধ্যে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে পূজা উপলক্ষে নির্ধারিত সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে দোকান মালিক সমিতি বলেছে, দেশের সংকটকালীন সময়ে জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করে আসছেন। এখন জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং পূজা উপলক্ষে ব্যবসা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকায় সীমিত সময়ের জন্য দোকান খোলার সময় দুই ঘণ্টা বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।
এজন্য আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি দিতে মন্ত্রণালয়ের সদয় নির্দেশনা চেয়েছে সংগঠনটি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সদিচ্ছা দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি