২২ মে ২০২৬

রাত পৌনে ১০টার ট্রেন ছাড়ল ভোর ৪টায়, যাত্রীদের দুর্ভোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাত পৌনে ১০টার ট্রেন ছাড়ল ভোর ৪টায়, যাত্রীদের দুর্ভোগ
  বাংলাপ্রেস ডেস্ক: ‘নির্ধারিত সময় পার হয়ে গেছে। তখনো প্ল্যাটফর্মে ট্রেন আসেনি। রেলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, দুই ঘণ্টা পর ট্রেন ছাড়বে। এরপর তা–ও পার হয়ে যায়। আবার বলা হয় আরও দুই ঘণ্টা লাগবে, কিন্তু ট্রেন তখনো আসেনি। এভাবে দফায় দফায় ঘোষণা দেওয়া হয়েছে—ট্রেন আসবে। ট্রেন আসছে আসছে করে বারবার ঘোষণা দিয়ে এসেছে ছয় ঘণ্টা পর।’ চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রী ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন আজ রোববার সকালে মুঠোফোনে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। চট্টগ্রাম রেলস্টেশন থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল গতকাল শনিবার রাত পৌনে ১০টায়। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর এই ট্রেন ছেড়েছে আজ রোববার ভোর চারটায়। এই দীর্ঘ সময় রেলস্টেশনে যাত্রীদের ট্রেনটির অপেক্ষায় থাকতে হয়েছে। রাতের বেলায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রোববার সকালে তাঁর অফিস। সাপ্তাহিক ছুটিতে চট্টগ্রামে গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি কর্মস্থলে যাওয়ার জন্য উদয়ন ট্রেন বেছে নেন। এই ট্রেন সকাল পৌনে ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে পৌঁছে যায়। এরপর বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে অফিসে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ট্রেনই ছেড়েছে ভোরে। কখন গিয়ে পৌঁছায়, তার কোনো ঠিক নেই। অফিসেও হয়তো যেতে পারবেন না। শুধু দেলোয়ার হোসেন নন, তাঁর মতো আরও অনেক যাত্রী নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ট্রেন ছাড়ায় বিপাকে পড়েছেন। তাঁদের কেউ চাকরিজীবী, কারও বাড়ি সিলেট। আবার কেউ কেউ ঘুরতে যাচ্ছিলেন। বিশেষ করে কর্মদিবস শুরুর আগের দিন হওয়ায় এই ট্রেনে যাত্রীদের চাপ ছিল বেশি। পরদিন অফিস ধরার তাড়া ছিল তাঁদের। কিন্তু এই ট্রেনের সময়সূচি নড়বড় হওয়ায় সবাই ভোগান্তিতে পড়েন। আজ সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদয়ন এক্সপ্রেস সিলেটে পৌঁছায়নি বলে মুঠোফোনে জানান যাত্রীরা। দুপুর ১২টার আগে পৌঁছানো সম্ভব নয় বলেও জানান তাঁরা। এই ট্রেনের সময়সূচি অনুযায়ী, সকাল পৌনে ছয়টায় সিলেট স্টেশনে পৌঁছার কথা। রেলওয়ের কর্মকর্তারা জানান, গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলস্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে এই ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হলে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এই পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামে আসার পর সিলেট যায় উদয়ন এক্সপ্রেস হয়ে। চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সে ইঞ্জিন উদ্ধার করতে সময় লেগেছে। এ কারণে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। এতে যাত্রীদের অনেক বেশি ভোগান্তি হয়েছে বলে স্বীকার করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, ‘রেল কর্তৃপক্ষ যদি আগেভাগে জানিয়ে দিত এ ট্রেন ৬ ঘণ্টা দেরিতে আসবে, তাহলে আমরা বিকল্প ব্যবস্থা বা বাসে চলে যেতাম। কিন্তু তারা বারবার সময় পরিবর্তন করে যাত্রীদের আশায় রেখেছে রাত ১২টার মধ্যে ট্রেন আসবে। কিন্তু আসেনি। আর রাত ১২টার পর বাসে করে যাওয়ার অবস্থাও ছিল না। আবার সড়কে ছিনতাইকারীদের ভয়ে অনেকে যাত্রা বাতিল করে নিজ বাসায়ও ফেরত যাননি। এই পুরো সময় স্টেশনে বসে কাটাতে হয়েছে। কী যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা বলে বর্ণনা করা যাবে না।’ তিনজন যাত্রী জানান, ট্রেন নির্ধারিত সময়ে না ছাড়ায় সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়েছে শিশু ও নারী যাত্রীদের। আর বয়স্ক মানুষেরও কষ্টের শেষ ছিল না। দীর্ঘক্ষণ স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকার কারণে মশার কামড় খেতে হয়েছে। ছিল কুকুরের উৎপাতও। এদিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসও নির্ধারিত সময়ের প্রায় সোয়া তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে। গতকাল রাত সোয়া ১১টায় এই ট্রেন ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু এই ট্রেন ছেড়েছে দিবাগত রাত আড়াইটায়। যদিও রেলওয়ে যাত্রীদের খুদে বার্তায় জানিয়েছিল, ট্রেন এক ঘণ্টা দেরি করতে পারে। কিন্তু এরপর আরও সোয়া দুই ঘণ্টা বেশি দেরি করেছে। ট্রেনের একজন যাত্রী আরিফুল ইসলাম জানান, রাত ১১টায় তিনি কমলাপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলেন। নির্ধারিত সময়ে ট্রেন কেন ছাড়ছে না, তার খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, ট্রেনের একটি বগিতে ত্রুটি দেখা দিয়েছে। আবার অনেক বগিতে বাতি ও পাখা কিছুই চলছিল না। পরে তা ঠিক করা হয়। আর এই ট্রেন ভোর সোয়া পাঁচটায় চট্টগ্রাম স্টেশনে আসার কথা থাকলেও এসেছে সকাল পৌনে নয়টায়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি