
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কায়লেই ম্যাকেনানি সাংবাদিকদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কখনও তাদের কাছে মিথ্যা বলবেন না। কয়েক সপ্তাহ আগে দায়িত্ব পেলেও শুক্রবার প্রথম ক্যামেরার সামনে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। এক বছরের বেশি সময়ের মধ্যে হোয়াইট হাউসের প্রেস সচিবের প্রথম সংবাদ সম্মেলন এটি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এখবর জানিয়েছে।
২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চতুর্থ ব্যক্তি হিসেবে হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব পেলেন ম্যাকেনানি। এর আগে এই পদে দায়িত্ব পালন করা শ্যন স্পাইসার ও সারাহ স্যান্ডার্সের বিরুদ্ধে সংবাদমাধ্যমকে ইচ্ছাকৃতভাবে ভুল পথে পরিচালনার অভিযোগ রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্টদের শাসনামলে হোয়াইট হাউসের প্রেস সচিবদের সংবাদ সম্মেলন নিয়মিত বিষয় হলেও ট্রাম্পের সময়ে খুব কম হয়েছে। সারাহ স্যান্ডার্স দায়িত্বে থাকার সময় তা বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে হোয়াইট হাউসের জবাবদিহীতা চর্চা নিয়ে সাংবাদিকরা অভিযোগ করে আসছেন। সারাহ স্যান্ডার্সের উত্তরসূরী স্টেফানি গ্রিশাম হোয়াইট হাউসের ব্রিফিং রুমে কোনও সংবাদ সম্মেলন আয়োজন করেননি। তবে অন্য উপায়ে তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত কথা বলতেন।
এপ্রিলের শুরুতে মনোনীত হওয়ার পর শুক্রবারই প্রথম ম্যাকেনানি নিজের সবচেয়ে বড় সংবাদ সম্মেলনে কথা বলেন। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তিনি ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফিনকে নিয়েও কথা বলেন। ট্রাম্পের সাবেক প্রেস সচিবদের নিয়ে বিতর্কের বিষয়টিও স্বীকার করে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে কখনও মিথ্যা বলবো না। আমি এই বিষয়ে আপনাদের কথা দিলাম।
নিয়মিত সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে এটি চালিয়ে যাওয়ার। এই সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ম্যাকেনানি। কিন্তু তিনি ক্যামেরার সামনে বা পোডিয়ামে দাঁড়াননি।
ট্রাম্পের কট্টর সমর্থক বলে পরিচিত ৩২ বছরের এই নারী হার্ডার্ড ল স্কুল থেকে পাস করেছেন। গত কয়েক বছর ধরে সিএনএন-এর টকশোতে নিয়মিত হাজির হচ্ছেন তিনি। সিএনএন-এ জনপ্রিয়তা পাওয়ার পর তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির নারী মুখপাত্র হন। ২০১৯ সালে তিনি ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারণার নারী মুখপাত্র হওয়ার পর এবার তিনি হোয়াইট হাউসে যুক্ত হলেন। এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট বুশের প্রেস টিমে ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিতর্কের ঊর্ধ্বে নন তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে বর্ণবাদী ষড়যন্ত্রের প্রচারণা চালিয়েছেন তিনি। এতে দাবি করা হয়েছিল, ওবামার জন্ম আমেরিকায় হয়নি। ট্রাম্পও এই প্রচারণায় উৎসাহ দিয়েছেন।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]