১৬ নভেম্বর ২০২৬

শীতের আগমনী বার্তায় প্রকৃতি তার নতুন সাজে সজ্জিত হতে শুরু করেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম
শীতের আগমনী বার্তায় প্রকৃতি তার নতুন সাজে সজ্জিত হতে শুরু করেছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: চায়ের রাজ্যে শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতি ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে দেশে শীতের শহর হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে হিমেল হাওয়া, ভোরের প্রকৃতি ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিয়ে উঠছে সূর্য মামা। চা-বাগানের সবুজ পাতায় জমছে শিশিরবিন্দু। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। সোমবার সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার সন্ধ্যা থেকেই শ্রীমঙ্গলে ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজও স্পষ্ট হয়ে ওঠে। সোমবার ভোরে কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি জানান দিচ্ছিল, শীত এবার ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।


শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, সোমবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
শহরের লালবাগ এলাকার বাসিন্দা মুকিত মিয়া জানান, ভোর ৫টায় ঘুম থেকে উঠে তিনি চারদিকে কুয়াশা দেখতে পান। এ সময় বেশ শীতও অনুভূত হচ্ছিল।
শীতের এই আগমনে শ্রীমঙ্গলের প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠছে। সকাল-সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করে উঠছে। পাহাড়ি টিলা, চা-বাগান আর সবুজ প্রকৃতির এই অপরূপ দৃশ্য শ্রীমঙ্গলের সৌন্দর্যে যোগ করছে নতুন মাত্রা।
শুধু প্রকৃতিই নয়, শীতের আগমনী বার্তা মিলছে পাখির জগতেও। শ্রীমঙ্গলের অন্যতম পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে ইতিমধ্যে অল্পসংখ্যক অতিথি পাখির দেখা মিলতে শুরু করেছে।
বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন সূত্র জানায়, শীতের শুরুতেই বাইক্কা বিলে কিছু অতিথি পাখি আসতে শুরু করেছে। শীত যত বাড়বে, অতিথি পাখির সংখ্যাও তত বাড়বে। কিছুদিন পর ঝাঁকে ঝাঁকে পাখির আগমনে বিলজুড়ে তৈরি হবে প্রাণচাঞ্চল্য।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বাইক্কা বিল ছাড়াও হাওর, খাল-বিল এবং শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের লেকগুলোতে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব জলাশয়ে পাখির আনাগোনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠবে জলাভূমিগুলো।
শ্রীমঙ্গলের শীতের ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের ইতিহাসে অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি এবং ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শীতের শুরুতেই ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে, কুয়াশায় ঢেকে যাবে চা-বাগান ও জলাভূমি। আর অতিথি পাখির ডানায় ভর করে শ্রীমঙ্গলের প্রকৃতিতে ছড়িয়ে পড়বে শীতের অনন্য সৌন্দর্য।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি