সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন কর্মসূচি

বাংলাপ্রেস রাজনীতি দপ্তর: একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন করেছে বিএনপি।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জহিরউদ্দিন স্বপন, আবদুস সালাম আজাদসহ নেতা-কর্মীরা বুধবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে সারি বেঁধে দাঁড়ানো মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে তাদের কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেন।
বিএনপির এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই প্রেস ক্লাবের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে।অন্যদিকে মাত্র ছয়টি আসন পাওয়া বিএনপি কারচুপির অভিযোগ এনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।একাদশ সংসদের এমপিদের নিয়ে বুধবার বিকাল ৩টায় বসছে প্রথম অধিবেশন। তবে বিএনপির বিজয়ী প্রার্থীরা এখনও শপথ নেননি। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও তারা সংসদে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি