সংসদে এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
রাজনীতি ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের টানেলে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অন্যান্য সংসদ সদস্যরা।
জানাজা শেষে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া স্পিকারের পক্ষে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজার আগে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এরশাদের জীবনী পাঠ করেন। এ ছাড়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমদ মরহুমের কর্মময় জীবনের কথা তুলে ধরেন। এরশাদের পরিবারের পক্ষে রওশন এরশাদ বক্তব্য রাখেন।
জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদের মসজিদের ইমাম মাওলানা আবু রায়হান।
সংসদ ভবন থেকে এরশাদের মরদেহ নেওয়া হবে জাতীয় পার্টির কাকরাইল অফিসে। পরে বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হবে। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে।
আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে। দাফন নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে বেলা সোয়া ১০টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা দলে দলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে থাকেন। পুরো সংসদ ভবন এলাকায় তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।
গতকাল রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি