সোহেল তাজের ভাগ্নেকে অপহরণের অভিযোগ
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সৌরভকে অপহরণ করা হয়েছে বলে ওই দিন রাতে তাঁর বাবা সৈয়দ মোহাম্মদ ইদ্রিস আলম পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর ভাগ্নেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভূঁইয়া বলেন, ঈদের ছুটিতে সৌরভ চট্টগ্রামের বাসায় আসেন। গত ১০ জুন পরিবারের পক্ষে তাঁর বাবা থানায় জিডি করেন। এতে উল্লেখ করা হয়, গত ৯ জুন কেউ একজন সৌরভকে ফোন করে জানায়, আইটি সেক্টরে তাঁর চাকরির বিষয়ে বায়োডাটার জন্য দুজন অফিসার সন্ধ্যা ৭টার দিকে নগরীর আফমি প্লাজার সামনে তাঁর সঙ্গে দেখা করবে। তাঁদের কাছে তাঁর বায়োডাটা দিতে বলেন। সৌরভ ওই দিন সন্ধ্যায় সেখানে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
সৌরভ ঢাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে ব্র্যাকের একটি ডক্যুমেন্টারি নিয়ে কাজ করছেন।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জেনেছি এর আগে সৌরভকে একাধিকবার নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তিনি আবার ফিরে এসেছেন। তবু আমরা গুরুত্বের সঙ্গে অভিযোগ তদন্ত করে দেখছি। যদি অপহরণের ঘটনা হয়ে থাকে তাহলে এটি অপহরণ মামলা হবে।
তবে কে বা করা তাঁকে এর আগেও নিয়ে গেছে সেটি পুলিশ নিশ্চিত করেনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি