স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাগ্রে: রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাগ্রে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, সেনাবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার আগে সমাবেশে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাবাহিনীকে আধুনিকায়নের পরিবর্তে সমান্তরালভাবে ‘রক্ষীবাহিনী’ হিসেবে গড়ে তোলা হয়েছিল। সেনাবাহিনীকে প্রতিহত করতে রক্ষীবাহিনী গঠন করা হয় এবং সেই বাহিনী দিয়ে সারাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের দমন ও হত্যা করা হয়েছিল। প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ তুলে এ বিএনপি নেতা বলেন, ওই দিন সিপাহিরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে জনগণের সঙ্গে একাত্ম হয়ে যে অভ্যুত্থান ঘটিয়েছিলেন, তা দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিকাশের পথ তৈরি করেছিল।
‘স্বাধীনতার ঘোষণা ও সেনাবাহিনীর আধুনিকায়নে’ জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানও কাজ করছেন। জিয়াউর রহমানের গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক।
সমাবেশ শেষে শোভাযাত্রা উদ্বোধন করেন এ বিএনপি নেতা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি