তারেক রহমানের সিদ্ধান্ত : ৬ সদস্যের শপথ নেয়ার প্রশ্নই আসে না
রাজনীতি ডেস্ক : বিএনপি একাদশ জাতীয় সংসদে যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের ভোটে বিএনপি থেকে নির্বাচিত ৬ জনপ্রতিনিধির শপথ নেয়ার প্রশ্নই আসে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে আমরা স্থায়ী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছি।
শুক্রবার দুপুরে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘খালেদা জিয়া: তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শিরোনামে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার। বইটির প্রকাশনা উৎসবের আয়োজক শত নাগরিক কমিটি।
অনুষ্ঠানে মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপির নির্বাচিতদের সংসদে যাওয়া নিয়ে কোনো আলোচনা নয়। আর নির্বাচিতদের শপথ নেয়ার তো প্রশ্নই আসে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে আমরা স্থায়ী কমিটি বসে এ সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং এ সিদ্ধান্ত থেকে সরে আসা যাবে না। বিষয়টি এখানেই নিষ্পত্তি হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। দলীয় নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগের সীমাহীন নির্যাতন বিএনপিকে আরও বেশি শক্তিশালী করেছে মন্তব্য করে দলটির এ জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে আওয়ামী লীগের নির্যাতনের কারণে বিএনপি আগামী ১০০ বছর রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে। আওয়ামী লীগের এ সীমাহীন অত্যাচার আর নির্যাতন বিএনপিকে আরও বেশি শক্তিশালী করেছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি