৬ নভেম্বর ২০২৬

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ এএম
টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

বাংলাপ্রেস ডেস্ক: সেনাবাহিনী পরিবারের একজন সদস্য ছিলেন কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাইও সেনাবাহিনীতে কর্মরত। তার এমন মৃত্যুতে মা রেখা বেগমের আহাজারীতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। এদিকে, স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের বাড়িতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। নিহত তিতাস শেখ দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় তিতাস শেখের। চার বছরের সংসার জীবনে এখনও কোন সন্তান নেই এ দম্পতির। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে তার কর্মস্থলে নেয়ার কথা ছিল তার। কিন্তু একটি বুলেট থামিয়ে দিল তার পথ চলা।

স্বামীকে হারিয়ে শুধুই বিলাপ করে বলছেন- 'আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোন অস্তিত্ব রইলো না! আল্লাহ, আমি এখন কি করব'

অপরদিকে শোকে পাগলপ্রায় মা রেখা বেগমও। তার ভাষ্যমতে, গত বুধবার রাতে ছেলের সাথে শেষ কথা হয়েছিল। তিতাস তখন বলেছিল- 'আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।'

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাম পাশে গুলি লাগে। পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামু সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে, মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা জানায়, তার মরদেহ রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে। মরদেহটি আনতে সেখানে গেছেন ছোট ভাই সেনাসদস্য আকরাম হোসেন।

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে মরদেহটি বিকেলে পৌছাবে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরবর্তীতে বিকেলে গ্রামের বাড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার সহ আনুষ্ঠানিকতা শেষ করা হবে৷ এরপর পারিবারিক সিদ্ধান্তে দাফন করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে আহত হন সেনাসদস্য মো. তিতাস শেখ (২৭)। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি