৩ এপ্রিল ২০২৬

উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

বাংলাপ্রেস ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১২ জেলার ৭৮ উপজেলায় নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রথম ধাপের ভোট শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, চার বিভাগের ১২ জেলার ৭৮ উপজেলায় নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ হাজার ৮৪৭টি কেন্দ্রে ভোট হয়েছে। তার মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এই কেন্দ্রগুলোতে পরবর্তী সময় ভোটগ্রহণ হবে। অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে।

এ সময় তিনি যোগ করে বলেন, প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন মনে করে, মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে।

ভোটার উপস্থিতি বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, কত শতাংশ ভোটার উপস্থিত ছিল, সেই তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা যা জেনেছি, তাতে ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতির হার আমাদের কাছে আসেনি।

ভোট গণনা শুরু হয়েছে। শেষ হলে পরবর্তীতে জানাতে পারবো কত শতাংশ ভোট পড়েছে, বলেন এ কর্মকর্তা।

সব রাজনৈতিক দল অংশ নিলে ভোটার উপস্থিতি বাড়ত কি না, জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, যখন সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে, তখন ভোটার উপস্থিতি বাড়া স্বাভাবিক।

অনিয়মের অভিযোগে শাস্তির বিষয়ে ইসি সচিব বলেন, অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জে দুইজন প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আর লালমনিরহাটের পাটগ্রামে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে ১০ জনের অধিক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ রোববার সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় ৪টায়। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৮টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে পরবর্তী সময় ভোটগ্রহণ হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি