উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক হবে : সিইসি
রাজনীতি ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন সার্বিকভাবে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক না হলেও আমি বিশ্বাস করি প্রতিযোগিতামূলক হবে। কারণ এই স্থানীয় নির্বাচনে দলের মধ্যে অথবা বাইরে অনেক যোগ্য লোক থাকেন, যারা নির্বাচনে প্রতিযোগিতা করেন। সুতরাং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই।
রোববার (১৭ ফেব্রুয়ারি) আগারগাঁওস্থ ইটিআই ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এসব কথা বলেন সিইসি।
কর্মকর্তাদের সতর্ক করে সিইসি বলেন, আপনাদের কোনো আচরণের কারণে যদি নির্বাচন ব্যাহত হয়, বিঘ্নিত হয়- সেটা কিন্তু আমরা কঠোরভাবে দমন করব। আপনারা কেবল আইন-কানুনের ভিত্তিতে নিরপেক্ষভাবে নির্বাচন করবেন। আপনাদের কোনো দল নেই, মত নেই, রাজনৈতিক দলকে কোনো পরামর্শ দেওয়ার সুযোগ নেই। সাংবিধানিক, আইন-কানুনের যতটুকু দায়িত্ব আছে তার বাইরে আর কোনো চাওয়া নেই।
সিইসি বলেন, অনেক সময় অনেকে আচরণবিধি লঙ্ঘণ করে থাকেন জেনে বা না জেনে। অনেক সময় দেখা যায়, রাজনৈতিক দল বা প্রার্থীর জানার বাইরে অথবা তার সম্মতির বাইরে কোনো লোক বা সমর্থক এগুলো করে থাকে। এগুলোর ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি