২৩ নভেম্বর ২০২৬

১৬ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতি: মিশিগানে হোম কেয়ার মালিকের ৪ বছরের কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
১৬ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতি: মিশিগানে হোম কেয়ার মালিকের ৪ বছরের কারাদণ্ড

মিশিগানে হোম হেলথ কেয়ার সংস্থার মালিককে চার বছরের কারাদণ্ড

মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে রোগীদের ব্যক্তিগত চিকিৎসাসংক্রান্ত তথ্য অবৈধভাবে সংগ্রহ, রোগী পাঠানোর বিনিময়ে ঘুষ প্রদান এবং ভুয়া চিকিৎসাসেবার বিল জমা দিয়ে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ার থেকে প্রায় ১৬ লাখ ডলার আত্মসাতের দায়ে একটি হোম হেলথ কেয়ার সংস্থার মালিককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত।

দণ্ডপ্রাপ্ত রুবি স্কট (৫৫) মিশিগানের ফার্মিংটন হিলসের বাসিন্দা। তিনি পেশায় একজন নার্স এবং ডেল্টা হোম হেলথ কেয়ার এলএলসি নামের একটি প্রতিষ্ঠানের মালিক ও পরিচালনাকারী।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, আদালত তাঁকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি মেডিকেয়ারকে ক্ষতিপূরণ হিসেবে ১৬ লাখ ৫২ হাজার ১৩০ ডলার ৬৭ সেন্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করারও আদেশ দেওয়া হয়েছে।

আদালতের নথি ও বিচার চলাকালে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রুবি স্কট ডেট্রয়েটের একটি হাসপাতালের রোগী ছাড়পত্র দেওয়ার দায়িত্বে থাকা নার্সকে ঘুষ দিয়ে মেডিকেয়ারের আওতাভুক্ত রোগীদের তথ্য সংগ্রহ করতেন।

ওই নার্স হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীদের শনাক্ত করে তাঁদের গোপন চিকিৎসাসংক্রান্ত নথি রোগীদের অজান্তেই ডেল্টা হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানে ফ্যাক্সের মাধ্যমে পাঠিয়ে দিতেন।

প্রতিটি রোগীর তথ্যের বিনিময়ে স্কট ওই নার্সকে ২৭০ থেকে ৩০০ ডলার পর্যন্ত অর্থ দিতেন। এভাবে ক্যাশ অ্যাপ, পেপ্যাল, চেক ও নগদ অর্থের মাধ্যমে মোট এক লাখ ৩০ হাজার ডলারের বেশি ঘুষ প্রদান করা হয়।

বিচার বিভাগের তথ্যমতে, এসব অবৈধভাবে সংগৃহীত রোগীর তথ্য ব্যবহার করে স্কট মেডিকেয়ারের কাছে বাড়িতে চিকিৎসাসেবা দেওয়ার নামে ভুয়া বিল জমা দিতেন।

এমনকি যেসব রোগী কখনো ডেল্টা হোম হেলথ কেয়ার থেকে কোনো চিকিৎসাসেবা গ্রহণ করেননি, তাঁদের নামেও বিল করা হয়েছে।

অনেক রোগী জানতেনই না যে তাঁদের ব্যক্তিগত তথ্য ও রোগনির্ণয়সংক্রান্ত নথি চুরি করে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে অর্থ আদায়ের কাজে ব্যবহার করা হচ্ছে।

তদন্তে আরও উঠে আসে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্কট রোগী পাঠানোর বিনিময়ে অবৈধ কমিশন প্রদান করেন এবং মেডিকেয়ারের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করেন।

তিনি দাবি করতেন, চিকিৎসকেরা সংশ্লিষ্ট রোগীদের পরীক্ষা করে বাড়িতে চিকিৎসাসেবা গ্রহণের উপযুক্ত হিসেবে অনুমোদন দিয়েছেন।

মেডিকেয়ারের নিয়ম অনুযায়ী, বাড়িতে স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে রোগীকে নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে চিকিৎসকের মূল্যায়ন এবং বাড়ির বাইরে চলাচলে উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মতো শর্তও রয়েছে।

কিন্তু আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, অনেক রোগীকে কোনো চিকিৎসকই বাড়িতে স্বাস্থ্যসেবা পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য পরীক্ষা করেননি।

বরং স্কট প্রকৃত চিকিৎসকদের পরিচয় ব্যবহার করে ভুয়া মূল্যায়ন ও অনুমোদনের নথি তৈরি করতেন।

সংশ্লিষ্ট চিকিৎসকদের অনেকেই এসব রোগীর সঙ্গে কখনো সাক্ষাৎ করেননি। এমনকি তাঁদের নাম ও পরিচয় ব্যবহার করে মেডিকেয়ারের কাছে ভুয়া বিল জমা দেওয়া হচ্ছে, সে বিষয়েও তাঁরা অবগত ছিলেন না।

তদন্তে আরও দেখা যায়, ডেল্টা হোম হেলথ কেয়ার মেডিকেয়ারের কাছে যেসব রোগীর চিকিৎসাসেবার বিল জমা দিয়েছিল, তাঁদের এক-তৃতীয়াংশের বেশি রোগীর কোনো চিকিৎসাসংক্রান্ত নথি প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত ছিল না।

অথচ এসব রোগীর নামে জমা দেওয়া দাবির বিপরীতে মেডিকেয়ার ডেল্টাকে ১২ লাখ ডলারের বেশি অর্থ পরিশোধ করেছে।

সব মিলিয়ে স্কটের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে মেডিকেয়ারের প্রায় ১৬ লাখ ডলার ক্ষতি হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এ ধরনের জালিয়াতির কারণে মেডিকেয়ার ট্রাস্ট ফান্ডের অর্থ অপচয় হয় এবং প্রকৃত চিকিৎসাসেবার বৈধ দাবি পরিশোধের সক্ষমতার ওপর চাপ সৃষ্টি হয়।

২০২৬ সালের মে মাসে একটি ফেডারেল জুরি রুবি স্কটকে স্বাস্থ্যসেবা জালিয়াতির পাঁচটি অভিযোগ, যুক্তরাষ্ট্র সরকারকে প্রতারণা ও অবৈধ স্বাস্থ্যসেবা কমিশন প্রদানের ষড়যন্ত্র এবং অবৈধ কমিশন প্রদানের আরও চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দেন।

এই মামলার রায় ও তদন্তের বিস্তারিত তথ্য যৌথভাবে ঘোষণা করেন মার্কিন বিচার বিভাগের ন্যাশনাল ফ্রড এনফোর্সমেন্ট ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন এম. ম্যাকডোনাল্ড, এফবিআইয়ের ডেট্রয়েট ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জেনিফার রানিয়ান এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের স্পেশাল এজেন্ট ইন চার্জ থমাস এথরিজ।

মামলাটির তদন্ত পরিচালনা করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ডেট্রয়েট ফিল্ড অফিস এবং মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় (এইচএইচএস-ওআইজি)।

বিচার বিভাগের ফ্রড ডিভিশনের হেলথ কেয়ার ফ্রড সেকশনের ট্রায়াল অ্যাটর্নি কেলি এম. ওয়ার্নার ও আহমাদ হুদা মামলাটি পরিচালনা করেন।

এদিকে, গত ৭ এপ্রিল মার্কিন বিচার বিভাগ প্রতারণা ও আর্থিক জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করতে নতুন ফ্রড ডিভিশন প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, এই বিভাগ যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারি কর্মসূচির বিরুদ্ধে সংঘটিত প্রতারণার তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার কাজে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে।

এ উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘টাস্ক ফোর্স টু এলিমিনেট ফ্রড’-এর কার্যক্রমকেও সহায়তা করছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন এই টাস্ক ফোর্সের লক্ষ্য ফেডারেল সুবিধা কর্মসূচিগুলোতে প্রতারণা, অপচয় ও অনিয়ম দূর করা।

মার্কিন বিচার বিভাগের হেলথ কেয়ার ফ্রড স্ট্রাইক ফোর্স কর্মসূচির আওতায় বর্তমানে দেশের বিভিন্ন ফেডারেল বিচারিক জেলায় নয়টি বিশেষ দল কাজ করছে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে এসব দলের কার্যক্রমের মাধ্যমে ছয় হাজার ২০০ জনের বেশি আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা সম্মিলিতভাবে ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং বেসরকারি বিমা প্রতিষ্ঠানগুলোর কাছে ৪৫ বিলিয়ন ডলারের বেশি অর্থের বিল জমা দিয়েছিলেন।

এ ছাড়া সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস) এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় যৌথভাবে স্বাস্থ্যসেবা খাতে প্রতারণার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও সেবাদানকারীদের জবাবদিহির আওতায় আনতে পদক্ষেপ গ্রহণ করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচিতে এ ধরনের জালিয়াতি শুধু করদাতাদের অর্থের অপচয়ই ঘটায় না, বরং প্রকৃত রোগীদের জন্য বরাদ্দ করা স্বাস্থ্যসেবার অর্থের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

সূত্র: মার্কিন বিচার বিভাগ

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি