২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাই মাসের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে, এখনও চূড়ান্ত কিংবা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি। শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, মন্ত্রী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেয়া সম্ভব হয়নি। ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। খুব বেশি দেরি হবে না।
বোর্ড চেয়ারম্যান আরও বলেন, আশা করছি চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করতে পারব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এ ছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি