২০২৭ সালে আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে
বাংলাপ্রেস ডেস্ক: শৈশবের ক্লাব, নিজের শহর আর হাজারো আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি জার্সি। সেই জার্সি গায়ে কি আবারও মাঠে নামবেন লিওনেল মেসি? আর্জেন্টিনার ফুটবলে এখন বেশ আলোচিত প্রশ্ন এটি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের প্রথমার্ধেই আর্জেন্টিনায় ফিরতে পারেন মেসি। তাকে খেলতে দেখা যেতে পারে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে। অন্তত এমনটাই দাবি করেছেন আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক ফ্লাভিও আজ্জারো। তার দাবি, মেসির নিওয়েলসে ফেরার সম্ভাবনা বেশ জোরালো এবং বিষয়টি নিয়ে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনেও প্রস্তুতি চলছে।
সম্প্রতি নিজের সঞ্চালিত অনুষ্ঠান নো পোদেমোস পেরদেরে মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন আজ্জারো। তিনি দাবি করেন, নিওয়েলসের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মেসি। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘মেসি এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি নিওয়েলসে খেলবেন। সব পথ শেষ পর্যন্ত ২০২৭ সালের দিকেই যাচ্ছে।
শুধু তাই নয়, বিষয়টি নিয়ে মেসির ঘনিষ্ঠজনদের কাছ থেকেও তথ্য পাওয়ার দাবি করেছেন সাংবাদিক আজ্জারো, ‘সব ইঙ্গিতই সেদিকে যাচ্ছে। আমি বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি। তার কাছের মানুষদের কাছ থেকেও একই ধরনের তথ্য পাচ্ছি।’ মেসির ফেরার সম্ভাবনা নিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রস্তুতির কথাও উল্লেখ করেছেন আজ্জারো, ‘এএফএও বিষয়টি জানে। এ জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তবে মেসি কখন ঘোষণা দেবেন, তিনিই ঠিক করবেন। দল কীভাবে গঠন করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।’
মেসিকে ফেরাতে কাজ করছে নিওয়েলস
মেসির নিওয়েলসে ফেরার আলোচনা নতুন নয়। এ বছরের ফেব্রুয়ারিতে ক্লাবটির সহ-সভাপতি হুয়ান মানুয়েল মেদিনা জানিয়েছিলেন, ২০২৭ সালের প্রথমার্ধে মেসিকে দলে ফেরানোর লক্ষ্যে কাজ করছে নিওয়েলস।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টোদো নোটিসিয়াসকে দেওয়া সাক্ষাৎকারে মেদিনা বলেছিলেন, ‘এটি শুধু নিওয়েলসের প্রকল্প নয়। এটি রোজারিও শহর, সান্তা ফে প্রদেশ এবং পুরো আর্জেন্টাইন ফুটবলের একটি প্রকল্প।’
মেদিনার মতে, মেসিকে ফেরাতে হলে ক্লাবকে উন্নত অবকাঠামো এবং প্রতিযোগিতামূলক দল গঠনের নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ, বিষয়টি শুধু আবেগের নয়; মাঠের বাইরেও বড় ধরনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে।
এখনো নিশ্চিত নয় মেসির প্রত্যাবর্তন
আর্জেন্টাইন সাংবাদিকের এমন দাবির পরও মেসির নিওয়েলসে ফেরার বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না। বরং ক্লাবটির বর্তমান সভাপতি ইগ্নাসিও বোয়েরো সম্ভাবনাটি নিয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন।
রোজারিওর রেডিও এলটি৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটি আমাদের স্বপ্ন। তবে তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে। ব্যক্তিগতভাবে তিনি বেশ কঠিন একটি বছরের মধ্য দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে যেন এটি বাস্তবায়ন করা যায়, সে জন্য প্রয়োজনীয় সব পরিস্থিতি তৈরির চেষ্টা করব।’
ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিই বড় বাধা
মেসির প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা তার বর্তমান চুক্তি। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে ২০২৭ সালে নিওয়েলসে খেলতে হলে দুই ক্লাবের মধ্যে সমঝোতা প্রয়োজন হবে। এ ক্ষেত্রে কয়েক মাসের জন্য ধারে খেলার একটি সম্ভাবনা সামনে এসেছে।
এদিকে ২০২৭ সাল থেকে নিজেদের ফুটবল ক্যালেন্ডারে বড় পরিবর্তন আনছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সংক্ষিপ্ত প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিটি দল খেলবে ১৪টি করে নিয়মিত মৌসুমের ম্যাচ। এরপর অনুষ্ঠিত হবে প্লে-অফ ও এমএলএস কাপ।

অর্থাৎ, নতুন ক্যালেন্ডারের কারণে বছরের প্রথম ছয় মাস ইন্টার মায়ামির কোনো খেলা থাকবে না—এমন তথ্য সঠিক নয়। বরং ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে দলটি। ফলে মেসিকে নিওয়েলসে খেলতে হলে ইন্টার মায়ামির সঙ্গে বিশেষ সমঝোতা করতে হবে।
মেসির জন্য আবেগের এক অসমাপ্ত অধ্যায়
নিওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে মেসির সম্পর্ক শৈশব থেকেই। মাত্র সাত বছর বয়সে এই ক্লাবের বয়সভিত্তিক দলে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ১৩ বছর বয়সে পাড়ি জমান স্পেনের বার্সেলোনায়। ফলে নিওয়েলসের মূল দলে কখনোই খেলার সুযোগ হয়নি তার।
ক্যারিয়ারের সায়াহ্নে এসে শৈশবের ক্লাবের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলে সেটি হবে মেসির জন্য বিশেষ এক অধ্যায়। একই সঙ্গে আর্জেন্টাইন ফুটবলের জন্যও তা হতে পারে ঐতিহাসিক ঘটনা।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি