১৩ নভেম্বর ২০২৬

আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: দেশের পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা ডিসেম্বরে উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনাটি চূড়ান্ত অনুমোদন পেলে আগামী বছরের জানুয়ারি থেকে দেশের প্রায় ১ হাজার ৫০০টি পর্যটন আকর্ষণকে ঘিরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে সরকারের।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর আয়োজনের মধ্যেই মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে।

পাঁচ দিনব্যাপী উৎসবটি আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছেন তাঁরা। চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ করে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে।

তিনি জানান, পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা মহাপরিকল্পনাটি পাওয়ার আশা করছে বিটিবি। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করা গেলে বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নথিটি উন্মোচন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

২০১৯ সালে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়। তবে কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন সময়ে পর্যালোচনার কারণে এর কাজ বারবার পিছিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর পরিকল্পনাটি আলোর মুখ দেখলে দেশের পর্যটন খাতের জন্য তা গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে মনে করা হচ্ছে।
     

মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দেশের পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

পরিকল্পনায় দেশের আটটি বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ চিহ্নিত করা হয়েছে। এসব গন্তব্যকে ঘিরে অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের প্রস্তাব রয়েছে।

মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই রূপরেখায় সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ধর্মীয়, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ, ক্রুজ ও 'মাইস' (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণেরও সুপারিশ করা হয়েছে এতে।  


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি