মেহেরপুরে জামায়াত আমির
‘আল্লাহর কসম ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না’
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেবেন না বলে জানিয়েছেন জামায়তের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আল্লাহর কসম ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না। জামায়াত ইসলামকে বিজয়ী করলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা হবে।’
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান জনগণের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে অনেক দলকে দেখেছেন অন্তত একটিবার জামায়াতে ইসলামীকে সুযোগ দিয়ে দেখেন, আমরা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি কি না।’
তিনি আরও বলেন, ‘ইতোপূর্বে চার দলীয় জোট সরকারের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দু'জন মন্ত্রী ছিলেন তারা শতভাগ স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাই চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।’
মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের প্রার্থী মাও. নাজমুল হুদা, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ।
জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমিনের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাড. শাকিল আহামেদ, জেলা এবি পার্টির আহ্বায়ক রফিকুজ্জামান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও হুসাইন আহমেদসহ ১১ দলীয় জোটের নেতারা।
জনসভায় জেলার তিন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতে আমির বক্তব্য শেষে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে মাও. তাজ উদ্দিন খান ও মেহেরপুর-২ (গাংনী) আসনে মাও. নাজমুল হুদা দলীয় প্রার্থী হিসেবে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি