১৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ কি নতুন কোনো ফাঁদে পড়েছে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম
আওয়ামী লীগ কি নতুন কোনো ফাঁদে পড়েছে?

বাংলাপ্রেস ডেস্ক:  গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। দীর্ঘ দিন পর শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন—ডিসেম্বরে দেশে ফিরবেন। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকি মাথায় নিয়ে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। 

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, ডিসেম্বরকেন্দ্রিক ঘরে-বাইরে বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণে নানামুখী চক্রান্ত ও যড়যন্ত্র চলছে। গত কয়েক দিনের দৃশ্যমান ঘটনাপ্রবাহে জনমনে আলোচনা উঠছে, এর পেছনে দেশি-বিদেশি শক্তিশালী চক্রের ইন্ধন রয়েছে। কার যোগসাজশে কোথায় কারা নীলনকশা করছে তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, পুলিশ ও প্রশাসনের কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। সুধী সমাজের পাশাপাশি সরকারসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, গত কয়েকদিন ধরে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির মূল উদ্দেশ্য হলো-জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার পাশাপাশি সরকারকে অস্থির করে তোলা। দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা, যাতে ‘শেখ হাসিনার শাসনামলই ভালো ছিল’-এমন একটি বয়ান প্রতিষ্ঠা করা যায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে প্রকাশ্যে এ ধরনের প্রচারণারও দেখা যাচ্ছে।

তবে প্রশ্ন উঠেছে, কারও পরামর্শে এই নাশকতায় নেমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফাঁদে পড়ল কি না। অনেকে স্বাধীনতা-পরবর্তী জাসদের হঠকারিতা ও সহিংস রাজনীতির উদাহরণ টেনে বলছেন, ওই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছিল। ফলে পলাতক হাসিনার ডেডলাইন ‘ডিসেম্বর’ ব্যর্থ হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির কী হবে এ প্রশ্নও আছে। আবার যারা আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে তাদের উদ্দেশ্য সফল হবে কি না, আলোচনা আছে এ নিয়েও। পাশাপাশি বিদ্যমান অস্থিরতায় প্রতিবেশী ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও সামনে আনছেন অনেকে। তারা বলছেন, সরকার কাকে মিত্র বা বন্ধু মনে করছে, আবার কারা নেপথ্যে ষড়যন্ত্র করছে, এটি চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ছে।

সাবেক আইজিপি নুরুল হুদা যুগান্তরকে বলেন, সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা তো থাকবেই। তবে সরকারকেই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে আলোচনা ও কঠোরতা-দুই পথই অবলম্বন করা উচিত। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপও নিতে হবে। তবে সবকিছুই করতে হবে আইনের আওতায় থেকে। অন্যথায় যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তারা আরও উৎসাহিত হতে পারে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে এ ধরনের ঘটনা বেশি দেখা যাচ্ছে। সেখানে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে স্থানীয় মানুষের সম্পদেরই ক্ষতি হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে সরকারের কোনো দুর্বলতা দেখানোর সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছ থেকে যারা নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন, তাদের মধ্যে এক ধরনের কৃতজ্ঞতাবোধ তৈরি হতে পারে। বিশেষ করে কেউ যদি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট থাকেন, তাহলে সেই সম্পর্ক ও কৃতজ্ঞতার জায়গা থেকে তারা পুরোনো পক্ষকে সহযোগিতা করার চেষ্টা করতে পারেন। এই বিষয়গুলোও সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ এখন যা করছে তা রাজনীতি নয়, অপরাজনীতি। তারা যদি মনে করে, ধ্বংসাত্মক এসব কার্যক্রম করে জোর করে ক্ষমতায় আসতে পারবে, তাহলে সেটা হবে একটা স্বপ্ন। এভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ এখনো দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করায় রিকনসিলিয়েশনের সুযোগ নেই। তারা যদি দায় স্বীকার করত তাহলে ক্ষমার প্রশ্ন আসত। কিন্তু তা করেনি।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই ভুল স্বীকার করে না। রাজনীতিকদের মতে, কোনো দল ভুল স্বীকার করলে মানুষ মনে করবে ওই দল হেরে গেছে বা পরাজয় বরণ করেছে। তাই তারা ‘সরি’ বলে না। আর জুলাই গণ-অভ্যুত্থানকে আওয়ামী লীগ স্বীকারই করে না। তাই তারা সরিও বলেনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি