৯ জুন ২০২৬

বাজেট বাস্তবায়নে প্রয়োজন সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা: ডা. শফিকুর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:১৭ পিএম
বাজেট বাস্তবায়নে প্রয়োজন সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা: ডা. শফিকুর রহমান

 

বাংলাপ্রেস ডেস্ক: বিরোধী দল হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ছায়া বাজেট উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটি কার্যকর ও জনবান্ধব বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা যে বাজেট প্রস্তাবনা জনগণের সামনে তুলে ধরছি, সেটি কোনো দলের জন্য নয়, দেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ ক্রমেই বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং খাত, বীমা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে জনগণ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল। তবে সেই প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ, অর্থনৈতিক স্বস্তি ও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ বছরের শেষ দিকে তড়িঘড়ি করে ব্যয় করার সংস্কৃতি বন্ধ করা প্রয়োজন। তার মতে, অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে ক্যালেন্ডার বছরের সঙ্গে সমন্বয় করা হলে উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা বাড়বে এবং অপচয় কমবে।

কর ব্যবস্থার সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান কর আদায় পদ্ধতিতে নানা ত্রুটি রয়েছে, যার ফলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থা গড়ে তোলা গেলে রাজস্ব আয় বাড়বে এবং ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে কর দিতে উৎসাহিত হবেন।

তিনি বলেন, আমাদের বাজেট প্রস্তাবনার বিষয়ে জনগণই চূড়ান্ত বিচারক। কোনো প্রস্তাব জনস্বার্থের পরিপন্থী মনে হলে জনগণ যেন আমাদের সমালোচনা করেন। আমরা সেই সমালোচনাকে স্বাগত জানাব এবং সেখান থেকে শিক্ষা নেব।

সংবাদ সম্মেলনে ছায়া বাজেট উপস্থাপন করেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, জনাব সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ শাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, জনাব মো. সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান।

দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি