২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে আদালতে আইনজীবীর চিঠি

১২ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণের প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম
বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে আদালতে আইনজীবীর চিঠি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে চলমান আইনি বিরোধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

ইমা এলিস: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে চলমান আইনি বিরোধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা (টিআরও) ঘিরে নতুন আবেদন দাখিল করা হয়েছে। নির্বাচন স্থগিতের আদেশ জারির সময়সীমা বাড়ানো এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণের জন্য কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন মামলার আবেদনকারী ওসমান চৌধুরীর আইনজীবী তামারা এম. হ্যারিস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি কারিনা ই. আলোমারের কাছে দাখিল করা চিঠিতে আইনজীবী হ্যারিস দাবি করেন, গত ২৩ অক্টোবর বিচারপতি চেরি এ. বাগস উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ২৫ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন।

আদালতে দাখিল করা চিঠি অনুযায়ী, ২৩ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি বাগস নির্বাচন স্থগিতের আদেশ দেন।

এদিকে বাংলাদেশ সোসাইটির পক্ষের আইনজীবী অ্যান্ড্রু মৌলিনোস ২৭ অক্টোবর আদালতে একটি আপত্তিপত্র দাখিল করেন। এর জবাবে আবেদনকারীর আইনজীবী হ্যারিস বলেন, বিবাদীপক্ষ ইতোমধ্যে নিষ্পত্তি হওয়া বিষয়গুলো নতুন করে আদালতে উত্থাপনের চেষ্টা করছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, মামলার আইনগত গ্রহণযোগ্যতা এবং নিউ ইয়র্কের অলাভজনক করপোরেশন আইন এন-পিসিএল § ৬২৩-সংক্রান্ত যুক্তি আগের শুনানিতেই উপস্থাপন করা হয়েছিল। তাঁর দাবি, বিচারপতি বাগস ওই যুক্তিগুলো বিবেচনার পরই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে আদেশ জারিতে বিলম্ব 

আইনজীবী হ্যারিস জানান, তাঁর ৮৬ বছর বয়সী মা ২৫ ও ২৬ অক্টোবর গুরুতরভাবে পড়ে গিয়ে আহত হন। তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিতে হয় এবং পরবর্তী দুর্ঘটনার কারণে পুনরায় হাসপাতালে ভর্তি করতে হয়। এই জরুরি পরিস্থিতির কারণে আদালতের নির্ধারিত ২৬ অক্টোবরের মধ্যে আদেশ যথাযথভাবে জারি করা সম্ভব হয়নি।

তিনি দাবি করেন, নিউ ইয়র্কের সিভিল প্র্যাকটিস ল অ্যান্ড রুলসের (সিপিএলআর) ২০০৪,২০০৫ ও ৩০৬-বি ধারার আলোকে এমন পরিস্থিতিতে সময় বাড়ানোর যৌক্তিক ভিত্তি রয়েছে।

আইনজীবীর বক্তব্য, নির্বাচন আগেই স্থগিত হওয়ায় আদেশ জারির সময়সীমা কয়েক দিন বাড়ানো হলে বিবাদীপক্ষের কোনো ক্ষতি হবে না। আবেদনকারীও নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে বিষয়টি জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

১২ নভেম্বর পরবর্তী শুনানির প্রস্তাব

চিঠির শেষাংশে আদালতের কাছে সংশোধিত কারণ দর্শানোর আদেশ স্বাক্ষর, আদেশ জারির নতুন সময়সীমা নির্ধারণ এবং আগামী ১২ নভেম্বর পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

তবে ২৭ অক্টোবর দাখিল করা এই চিঠি থেকে আদালত নতুন সময়সীমা বা ১২ নভেম্বরের শুনানির তারিখ অনুমোদন করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসমান চৌধুরী বনাম বাংলাদেশ সোসাইটি ইনকরপোরেটেড ও অন্যান্য শিরোনামের মামলাটি কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টে ইনডেক্স নম্বর ৭৩২১৭৪/২০২৬ হিসেবে বিচারাধীন। আইনজীবী তামারা এম. হ্যারিসের চিঠিটি এনওয়াইএসসিইএফ নথি নম্বর ৩০ হিসেবে দাখিল করা হয়েছে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি