বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
বাংলাপ্রেস ডেস্ক: ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর মঙ্গলবার দক্ষিণ ও মধ্য এশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ওই অঞ্চলের বিভিন্ন দেশের মার্কিন কূটনীতিকরা অংশ নেন।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার এবং নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে সার্জিও গোর লেখেন, ভারতে দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত। সার্জিও গোরের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অধীনে থাকা ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নেন। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
সম্মেলনে অংশ নেওয়া কূটনীতিকরা আঞ্চলিক বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে সমন্বয় করেন। বিশেষ করে কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও সম্মেলনে যুক্ত হন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।
রুবিও বলেন, ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তিনি সম্মেলনের আয়োজনের জন্য সার্জিও গোরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১১ দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলেছেন তিনি। রুবিও আরো বলেন, এসব মার্কিন কূটনীতিক যুক্তরাষ্ট্রকে আরো নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছেন।
এর আগে সোমবার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর সফর করেন সার্জিও গোর।
সেখানে তিনি শিখদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন। এ ছাড়া তিনি জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘরও ঘুরে দেখেন। সফরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করে গোর বলেন, অমৃতসরে স্বর্ণমন্দির, জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘর পরিদর্শনের দিনটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর দেশটির বিভিন্ন এলাকা সফরের অংশ হিসেবে তিনি অমৃতসরে যান। এর আগে গোর ভারতের শ্রীনগর ও লেহও সফর করেছেন।
ভারতের রাজস্থান সফরের সময় সার্জিও গোর দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ প্রত্যক্ষ করেন। পাশাপাশি বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় পর্বও তিনি দেখেন। রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গোর জানান, সেখানে ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সেনারা একসঙ্গে এই মহড়ায় প্রশিক্ষণ নিচ্ছে। দুই দেশের সেনাদের পাশাপাশি প্রশিক্ষণ নিতে দেখার জন্য তিনি আগ্রহী ছিলেন। পরে মহড়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে গোর বলেন, মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মার্কিন ও ভারতীয় সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ নিতে দেখে তিনি সন্তুষ্ট।
তার ভাষ্য, এই মহড়া দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্ব, পারস্পরিক আস্থা, প্রস্তুতি এবং একসঙ্গে কাজ করার সক্ষমতাকে তুলে ধরে। মার্কিন ও ভারতীয় সেনারা যৌথভাবে যে কার্যক্রম পরিচালনা করছে, তাতে যুক্তরাষ্ট্র গর্বিত বলেও উল্লেখ করেন তিনি। সার্জিও গোরের সাম্প্রতিক ভারত সফরে কূটনৈতিক বৈঠকের পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চল ও সামরিক কার্যক্রম পরিদর্শনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ককপিটে পাইলটদের মারামারি: সৌদি আরবে ইসরায়েলগামী উড়োজাহাজের জরুরি অবতরণ
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
সঙ্গীত একাডেমি