বিদেশে পালিয়ে থেকেও হত্যাকারীরা পার পাবে না: রিজভী
ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বিদেশে বসে মানুষ হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত রাজু মোল্লার জানাজায় আরও অংশ নেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
জানাজা-পূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। রাতের আঁধারে বিভিন্ন স্থানে হামলা করে মানুষ হত্যা করছে তারা। অন্যের আশ্রয়ে থেকে যারা দেশকে অস্থিতিশীল করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশের প্রতি তাদের কোনো মায়া নেই। তারা যা করছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আর কত মানুষের চোখের পানি দেখব, সন্তানহারা মা-বাবার কান্না আর কত দেখতে হবে? রাজুকে যারা হত্যা করেছে, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, নিক্সন চৌধুরী পার্শ্ববর্তী দেশে বসে দেশে অরাজকতা, সন্ত্রাসী কার্যক্রম ও জ্বালাও-পোড়াও করার নির্দেশ দিচ্ছেন। ভাঙ্গার কৃতীসন্তান রাজু মোল্লাকে যারা হামলা করে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজুকে যারা হত্যা করেছে, আমরা কাউকে ছাড়ব না। পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করা হচ্ছে। এ বাংলার মাটিতে তাদের বিচার হবেই। আজ থেকে রাজুর পরিবারের সব দায়িত্ব আমি নিলাম।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি