১০ জুলাই ২০২৬

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে হাসনাত আবদুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে হাসনাত আবদুল্লাহ

সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ

বাংলাপ্রেস ডেস্ক:    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমরা সবাই বিদ্যুৎ নিয়ে প্রোপাগান্ডা করেছি, আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন যায় না মাঝে মাঝে আসে।

তিনি আরও বলেন, বিদ্যুৎমন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য দেন। তিনি বলেন- বিদ্যুৎ না কি যায় না। আমি বলবো- বাসা, অফিস, গাড়ি ও সংসদের এসি রুমে থেকে বিদ্যুতের খবর জানবে না। এসি রুম থেকে বেরিয়ে আসুন। এখনো দেশ মাদকমুক্ত হয়নি, দুর্নীতিমুক্ত হয়নি, চাঁদাবাজ মুক্ত হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, বেকারদের সিভি নিয়ে অফিসের দরজায় দরজায় ঘুরা বন্ধ হয়নাই। জিনিসপাতির দাম এখনও কমে নাই। এ কথা সত্য যে কেউ কেউ বলেন, আমরা নাকি প্রাডো গাড়ি নিয়ে ঘুরি। তারা যখন ধানখেতে ঘুমাত, তারা যখন ঢাকা শহরে রিকশা চালাত এখন তারা প্রাডো গাড়ি চালায়। তাদের প্রশ্ন করা উচিৎ তারা এত টাকা কোথায় পেয়েছে। তারা মামলা বাণিজ্য করে সমাজে বিভাজন সৃষ্টি করে অর্থ ইনকাম করেছে। আমরা চাঁদাবাজি ও চাঁদাবাজের পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজেরও পরিবর্তন চেয়েছি, কিন্তু কোনো কিছুর পরিবর্তন হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকালে পৌর শহরের জিরোপয়েন্টের শহীদ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাররফ হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনিস প্রমুখ।

হাসনাত তার বক্তব্যে বলেন, কথা ছিল সরকার চাকরি দিবে, উল্টো মাদক আর জুয়া বেড়ে গেছে। বিএনপি আগে বলত ঈদের পর আন্দোলন দেব, সেই ঈদ আর বাংলার জনগণ দেখেনি। জনগণ সেই ঈদের পরের আন্দোলনের জন্য বসে থাকেনি। জনগণ ও ছাত্র জনতা ফ্যাসিবাদকে তাড়িয়েছে।

২৪ এর বন্যার সময় ১২ কোটি টাকা উত্তোলনের বিষয়ে হাসনাত বলেন, আমরা দুর্যোগের সময় টাকা সংগ্রহ করেছি, সেই টাকা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জমা দিয়ে দিয়েছি।

পথসভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, জবাবদিহি, রাজনৈতিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রথম দফায় সোনাগাজীতে পদযাত্রার উদ্বোধনী মঞ্চে এবং দ্বিতীয় দফায় সন্ধ্যায় ফেনী শহরে দলের দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি হয়।

এর আগে বিকালে হাসনাত আবদুল্লাহ ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর এবং সোনাগাজীর শহীদ আবদুর গণি বোরহানের কবর জিয়ারত করেন এবং শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি